গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১০ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ সময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র গরু চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিক ও বাহাদুর মিয়ার বাড়ির গোয়ালঘরে হানা দেয়। চোরেরা গোয়াল থেকে গরু বের করার চেষ্টা করলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এসে চোর চক্রটিকে ঘেরাও করে ফেলে।
চক্রের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা তিনজনকে হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা উদ্ধার করা হয়। এরপর উত্তেজিত জনতা তাদের হাত-পা বেঁধে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পিকআপ ভ্যানে আগুন দেওয়ার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতা তাদের আগুন নেভাতে বাধা দেয়। ফায়ার স্টেশনের সিনিয়র লিডার মাসুদ রানা জানান, এলাকাবাসীর বাধার মুখে তারা কাজ করতে না পেরে ফিরে আসতে বাধ্য হন। আগুনে গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফুলবাড়িয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান ও স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান জানান, গত কয়েকদিন ধরেই এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ ভোরে চোরদের হাতেনাতে ধরে ফেলে তারা।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :