দীর্ঘ প্রায় এক দশকের ভোগান্তির অবসান হতে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার একটি বেহাল সড়কে। অবশেষে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সংস্কার কাজে উদ্যোগ নিয়েছেন পৌরসভার সাবেক মেয়র মো. নোয়াব আলী মিয়ার বড় ছেলে ও বর্তমান মেয়র প্রার্থী নেছার উদ্দিন টুটুল।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৯ থেকে ১০ বছর ধরে সড়কটি কাদা ও পানিতে ডুবে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতেই চলাচল প্রায় অচল হয়ে পড়ত। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন স্কুলগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ।
জানা গেছে, পৌর এলাকার প্রায় ১৩০ থেকে ১৫০টি পরিবারের একমাত্র চলাচলের পথ ছিল এই সড়কটি। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন এলাকাবাসী।
গত ৭ মে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়কটির দুরবস্থার ছবি ও ভোগান্তির কথা তুলে ধরেন। সেই পোস্ট নজরে আসে নেছার উদ্দিন টুটুলের। পরে তিনি দ্রুত এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করে সংস্কার উদ্যোগ নেন।
এর ধারাবাহিকতায় রোববার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সড়ক সংস্কারের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন শফিউদ্দিন, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, তুহিনুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে তারা অবহেলার শিকার হয়েছেন। অনেকেই আশ্বাস দিলেও বাস্তবে কেউ এগিয়ে আসেননি। এমন পরিস্থিতিতে টুটুলের সরাসরি উদ্যোগে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে নেছার উদ্দিন টুটুল বলেন, “মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছি। আপাতত এলাকাবাসীর সহযোগিতায় চলাচলের উপযোগী করে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। ভবিষ্যতে স্থায়ী সমাধানেরও চেষ্টা থাকবে।”
স্থানীয়দের আশা, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং স্বাভাবিক চলাচলে ফিরবে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :