ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০১:৩৪ পিএম

আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে ঘরের দরজা ভেঙে নিথর দেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার ভাড়াটিয়া ও নিহত যুবকের খালাতো বোনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী কন্যাসন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের বাড়ির একটি ফ্ল্যাটে গত তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ-এর স্ত্রী মিষ্টি বাড়ৈ। গতকাল রোববার বিকেলে তার বাসায় খালাতো ভাই পরিচয়ে স্ত্রী ও সন্তানসহ বেড়াতে আসেন চিন্ময় দাস। রাতে সবাই একসঙ্গে খাবার খাওয়ার পর চিন্ময় তার পরিবার নিয়ে একটি কক্ষে ঘুমাতে যান। পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মধ্যরাতের দিকে মিষ্টি বাড়ৈ নিজেই পুলিশকে ফোন করে ঘরে অবচেতন শরীর পড়ে থাকার বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, “ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হচ্ছে। কিছু বিষয় প্রাথমিকভাবে সন্দেহের সৃষ্টি করছে। সুনির্দিষ্ট তদন্ত ও ফরেনসিক রিপোর্টের পর বিস্তারিত বলা সম্ভব হবে।”

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে শহরের আমিরাবাদ এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!