দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর ফের পুরোদমে চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। বুধবার (৬ মে) সকালে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়া চ্যানেলে প্রবেশ করেছে মাদার ট্যাংকার ‘এমটি নিনেমিয়া’।
যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশে অপরিশোধিত তেলের উৎস কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এই সংকট মোকাবিলায় বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দরকে বেছে নেওয়া হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ভাড়া করা জাহাজটি গত ২০ এপ্রিল ইয়ানবু বন্দরে যায় এবং ২২ এপ্রিল ১ লাখ টন ক্রুড লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১৩ দিনের সমুদ্রযাত্রা শেষে বুধবার জাহাজটি বহির্নোঙরে এসে পৌঁছায়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, বুধবার দুপুর ১২টার আগেই জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে ভিড়বে এবং বিকেলের মধ্যেই লাইটারিং বা ছোট ট্যাংকারে তেল স্থানান্তরের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যে ইস্টার্ন রিফাইনারির ডিপোতে তেল খালাস করা হবে এবং বৃহস্পতিবার সকাল থেকে শোধনাগারটির সবকটি ইউনিট একসঙ্গে চালু করা হবে।
কাঁচামাল সংকটের কারণে ইস্টার্ন রিফাইনারির প্রধান তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট দীর্ঘ ২২ দিন বন্ধ ছিল। তবে এই বন্ধের সময়েই প্ল্যান্ট দুটি সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন শোধনাগারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, সংস্কারের ফলে এখন আগের চেয়ে বেশি উৎপাদন করা সম্ভব হবে। উল্লেখ্য, ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েল থেকে ডিজেল, অকটেন, পেট্রোলসহ ১৮ প্রকারের জ্বালানি পণ্য উৎপাদন করে থাকে।


আপনার মতামত লিখুন :