ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বা কোনো অঙ্গরাজ্যের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের ঈদকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদের আগে সাত দিন এবং পরে সাত দিন—মোট ১৪ দিন এই সেলটি সার্বক্ষণিক কার্যকর থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ সকল গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ-এর হটলাইন নম্বরগুলো সার্বক্ষণিক সচল থাকবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট থাকবে।
হাটের শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে প্রতারিত না হন, সেজন্য জালনোট শনাক্তকরণ মেশিনসহ ব্যাংকের বুথ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"
কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। এ কাজে পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :