দেশে ভোটার সংখ্যা আরও এক দফা বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। গত ছয় মাসে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। ভোটার বৃদ্ধির এই হার শূন্য দশমিক ৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এক সংবাদ সম্মেলনে হালনাগাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত নতুন এই ভোটাররা নিবন্ধিত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুনদের অন্তর্ভুক্তির পর বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
প্রকাশিত তথ্যে দেখা যায়, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা নারীর তুলনায় কিছুটা বেশি। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। নারী ও পুরুষ ভোটারের বাইরে হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটারদের তথ্যও দ্রুতই চূড়ান্ত তালিকায় হালনাগাদ করা হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন প্রতি বছরই নির্দিষ্ট সময় অন্তর ভোটার তালিকা হালনাগাদ করে থাকে। যারা নতুন ১৮ বছর পূর্ণ করেছেন কিংবা যারা আগে ভোটার হতে পারেননি, তাদের তথ্য সংগ্রহের মাধ্যমে এই তালিকা সমৃদ্ধ করা হয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও সহজ ও গতিশীল করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :