ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

তীব্র তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৮:৪৫ পিএম

তীব্র তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

দেশের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহ (হিটওয়েভ) আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “দেশের দক্ষিণের জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং যশোরে বর্তমানে তাপপ্রবাহ বা হিটওয়েভ চলছে এবং এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে।”

আবহাওয়া অফিসের সবশেষ নিয়মিত বার্তা অনুযায়ী- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কারণে দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ কবির জানান, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের নদী বন্দরগুলোতে ১ নম্বর নৌ সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চলতি মে মাসে দেশের এক প্রান্তে তীব্র গরম এবং অন্য প্রান্তে কালবৈশাখী ও বজ্রঝড়ের এই বৈরী রূপকে স্বাভাবিক আবহাওয়ারই অংশ বলছেন বিশেষজ্ঞরা। তবে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের তীব্র গরমে অতি প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং বেশি করে পানি ও স্যালাইন পানের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!