ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Daily Global News

চুয়াডাঙ্গায় সাড়ম্বরে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০১:২৭ পিএম

চুয়াডাঙ্গায় সাড়ম্বরে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

যশোর থেকে প্রকাশিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংবাদপত্র ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় সাড়ম্বরে পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করা হয়।

‘দৈনিক রানার’-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আকিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শনা থানা বিএনপির সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, জেলা প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দীন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।

এছাড়াও আয়োজনে মাইটিভি, এটিএন নিউজ, রাজধানী টিভি ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালের ২৬ মার্চ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার যে অঙ্গীকার নিয়ে ‘দৈনিক রানার’ যাত্রা শুরু করেছিল, স্বাধীনতার পর থেকে আজ অবধি তা অব্যাহত রয়েছে। যশোরসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও সম্ভাবনার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরে পত্রিকাটি মানুষের আস্থা অর্জন করেছে।

এই বিশেষ দিনে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদ এবং পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া প্রয়াত সাহসী সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দীর্ঘ ৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পদার্পণের এই শুভক্ষণে ডিজিটাল যুগেও পত্রিকাটির বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

ডিজিএন/এফএ

banner
Link copied!