চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা মো. শাহজাহান (৩৪)। পিতা মৃত মো. আলী হোসেন এবং মাতা বিবি কুলসুম। দুই সন্তানের জনক শাহজাহান একসময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। নিজের সংসার চালানোর পাশাপাশি সমাজের মানুষের বিপদে-আপদেও সবসময় সবার আগে ছুটে যেতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি নিজেই চরম সংকটের মুখে। ঘাতক ব্যাধি হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন এই যুবক। টাকার অভাবে তাঁর চিকিৎসায় নেমে এসেছে চরম অনিশ্চয়তা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহজাহান গত দুই মাস ধরে মারাত্মকভাবে অসুস্থ। বর্তমানে তাঁর পায়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৪ দিন চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি মিঠাছড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগের জটিলতার কারণে ইতোমধ্যে তাঁর পায়ে ৪ বার অস্ত্রোপচার (অপারেশন) করতে হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ধারদেনা ও জমানো সহায়-সম্বল বিক্রি করে ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেছে তাঁর দরিদ্র পরিবার।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৬ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর পায়ে আরও একটি গুরুত্বপূর্ণ অপারেশন করার কথা রয়েছে। এ জন্য আরও প্রায় ১ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই অপারেশনের ব্যয়ভার বহন করা এই নিঃস্ব পরিবারের পক্ষে কোনোভাবেই আর সম্ভব হচ্ছে না। জমানো সব অর্থ ফুরিয়ে যাওয়ায় টাকার অভাবে তাঁর চিকিৎসা এখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম।
নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহজাহান। তিনি বলেন, “জীবনে কখনো কল্পনাও করিনি, এই বয়সে এসে মানুষের কাছে সাহায্য-সহযোগিতা চাইতে হবে। আমি সুস্থ হয়ে আবার আগের মতো কাজ করে আমার দুই সন্তান ও পরিবারের দায়িত্ব পালন করতে চাই।”
শাহজাহানের পরিবারের সদস্যরা জানান, “আমাদের যা কিছু ছিল সব ওর চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন মানুষের কাছে হাত পাতা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। টাকার অভাবে বিনা চিকিৎসায় চোখের সামনে ছেলেটা ধুঁকে ধুঁকে মারা যাবে, এটা আমরা কীভাবে সহ্য করব!”
এমতাবস্থায়, একসময়ের পরোপকারী এই যুবককে বাঁচাতে এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমাজের বিত্তবান, প্রবাসী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন শাহজাহানের পরিবার। মানুষের বিপদে যিনি একসময় নিজে এগিয়ে আসতেন, আজ সেই মানুষটিই জীবন বাঁচানোর লড়াইয়ে অন্যের সহযোগিতার অপেক্ষায়। আপনাদের দেওয়া সামান্য আর্থিক সহায়তা ও জাকাতের অর্থে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারেন ৩৪ বছর বয়সী এই যুবক।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৮৩০৮৩৫২৪৬ (আরিফ, রোগীর ফুফাতো ভাই)
যোগাযোগের মোবাইল নম্বর: ০১৮৪৩৩৯০৯৮১ (শাহজাহান, রোগী)
আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে শাহজাহানের চিকিৎসায় সহযোগিতা করি। আপনাদের একটু মানবিক সুদৃষ্টি ও সামর্থ্য অনুযায়ী সামান্য সহায়তাই পারে একটি অমূল্য জীবন বাঁচাতে এবং এই অসহায় পরিবারের জন্য বড় আশার আলো হতে।


আপনার মতামত লিখুন :