ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
Daily Global News

মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০২:১৬ পিএম

মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে বিমানটি রওনা হয়।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কে দুটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচার পরবর্তী উন্নত চিকিৎসা এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্যের সাথে তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন।

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!