ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

জীবননগরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রির উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৫৯ এএম

জীবননগরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রির উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম রাখতে চুয়াডাঙ্গার জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রির বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ মার্চ) বেলা ২টায় জীবননগর বাসস্ট্যান্ডের মুক্ত মঞ্চের কাছে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

উদ্বোধনকালে ইউএনও জানান, রমজান মাস এলেই অসাধু চক্র নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এই পরিস্থিতি মোকাবিলায় সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। এতে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল সুবিধা নেওয়ার সুযোগ পাচ্ছে না, ফলে ক্রেতারা বাজারের তুলনায় অনেক কম দামে পণ্য কিনতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা। এ ছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ক্রেতারা জানিয়েছেন, বাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে টাটকা সবজি ও কৃষি পণ্য পেয়ে তারা আনন্দিত।

ডিজিএন/এনএস

banner
Link copied!