ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Daily Global News

বিদায়ী ম্যাচে আবেগে ভাসলেন মেসি, রাস্তায় নেমে এলেন অগণিত ভক্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৭:৪৫ এএম

বিদায়ী ম্যাচে আবেগে ভাসলেন মেসি, রাস্তায় নেমে এলেন অগণিত ভক্ত

জাতীয় দলের হয়ে আর কখনো মাঠে নামবেন না, এটাই শেষবার! আর তাই ম্যাচের আগে জাতীয় সংগীত গাওয়ার সময় নিজেকে ধরে রাখতে বেশ বেগ পেতে হলো লিওনেল মেসিকে। মহাতারকার চোখের কোণে দেখা গেল জল। বেনিনের বিপক্ষে এই বিদায়ী ম্যাচ ঘিরে আবেগ আর ভালোবাসায় ভাসল মনুমেন্তাল স্টেডিয়াম।

অনুশীলন কমপ্লেক্স থেকে মনুমেন্তাল স্টেডিয়ামে আসার এক ঘণ্টার বেশি যাত্রাপথে রাস্তায় নেমে আসেন অগণিত ভক্ত। ভক্তদের এমন ভালোবাসা দেখে সে সময়ও আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। মাঠে এসে বিশেষ জার্সি পরে সতীর্থদের সঙ্গে ওয়ার্মআপ করেন এবং গ্যালারিতে থাকা পরিবারের সদস্য ও দর্শকদের অভিবাদনের জবাব দেন।

বিদায়ী এই আয়োজনে মাঠে উপস্থিত ছিলেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের আনহেল দি মারিয়া, হার্মান পেস্সেইয়া, হন্সালো মন্তিয়েল, মার্কুস আকুনা ও আনহেল কোররেয়া। চোট থাকা সত্ত্বেও ছুটে এসেছেন থিয়াগো আলমাদা। তবে আমন্ত্রণ পেলেও নানা কারণে পাউলো দিবালা, নাউয়েল মলিনা, ফ্রাঙ্কো আরমানি ও হুয়ান ফয়থ আসতে পারেননি।

মেসির এই বিদায়ী ম্যাচটি খেলা হচ্ছে বিশেষ এক বলে। বলটিতে দুটি লরেল পুষ্পস্তবকের মাঝে ১০ নম্বর লেখা এবং ওপরে রাখা হয়েছে আর্জেন্টিনার পতাকা। এছাড়া ম্যাচের তারিখের সঙ্গে লেখা রয়েছে ‘এল আল্তিমো বেইলে’ বা ‘দ্য লাস্ট ড্যান্স’।

ম্যাচটিতে মেসি একটি বিশেষ জার্সি পরে খেলছেন। জার্সিটির দুটি নীল রঙের স্ট্রাইপের মাঝে রয়েছে একটি লম্বা সাদা স্ট্রাইপ। মাঝে স্থান পেয়েছে জাতীয় পতাকার সূর্য এবং মেসির নাম ও নম্বর লেখা হয়েছে সোনালি রঙে। ম্যাচের আগে রোসারিওর মতো এখানেও মেসির ৩০ মিটার দীর্ঘ এক বিশাল জার্সি প্রদর্শন করা হয়, যার ছবি ও ভিডিও দ্রুতই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে।

 

ডিজিএন/এফএ

banner
Link copied!