‘মাদক ছেড়ে খেলায় এসো, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক শিক্ষক-শিক্ষার্থী প্রীতি ফুটবল ম্যাচ। রোমাঞ্চকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ছাত্র একাদশকে ৭-৫ গোলের ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে শিক্ষক একাদশ।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এই প্রীতি ম্যাচের বাঁশি বাজে। শ্রেণিকক্ষে যাঁদের হাতে চক, ডাস্টার আর কলম শোভা পায়, সেই শিক্ষকদেরই আজ সবুজ মাঠে ফুটবল পায়ে দেখা যায় অন্য এক মেজাজে।
মাঠে তাঁদের প্রতিপক্ষ ছিল স্নেহের ছাত্ররা। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র আক্রমণ ও পাল্টা আক্রমণ চলতে থাকে, যা পুরো মাঠজুড়ে টানটান উত্তেজনা তৈরি করে।
ম্যাচে শিক্ষক দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক এবং ছাত্র একাদশের অধিনায়কের ভূমিকা পালন করে দশম শ্রেণির শিক্ষার্থী রুহিত ইসলাম রোহান।
সহকারী শিক্ষক নিজামুল হক, আব্বাস আলী ও জাহিদুল ইসলামের দুর্দান্ত সব গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে শিক্ষক একাদশ।
ব্যতিক্রমী এই ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। প্রিয় দলের সমর্থনে তাঁদের করতালি ও উচ্ছ্বাসে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দমুখর মিলনমেলায় রূপ নেয়।
ম্যাচ শেষে প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শুধু শ্রেণিকক্ষের চার দেওয়ালেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং সমাজকে মাদকমুক্ত রাখা সহজ হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি হয়। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই জানিয়ে ভবিষ্যতে এমন ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনায় আরও অংশ নেন সহকারী প্রধান শিক্ষক মহিবুল হক, সিনিয়র সহকারী শিক্ষক নিজামুল হক, সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান, শিক্ষিকা সেলিনা আক্তার এবং ফারজানা আক্তার বিউটি প্রমুখ।
জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে এই প্রীতি ম্যাচটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সবাই।


আপনার মতামত লিখুন :