ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
Daily Global News

বুবলীর কন্যাসন্তানের খবরের পরই অপুর রহস্যময় পোস্ট, ঢালিউডে নতুন তোলপাড়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:২১ পিএম

বুবলীর কন্যাসন্তানের খবরের পরই অপুর রহস্যময় পোস্ট, ঢালিউডে নতুন তোলপাড়

ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ‘ঠাণ্ডা লড়াই’ বিনোদনপ্রেমীদের কাছে সবসময়ই এক তুমুল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারও তার ব্যতিক্রম হলো না। চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর দ্বিতীয় সন্তান (কন্যা) জন্মের খবরটি প্রকাশ্যে আনার ঠিক এক দিন পরই, চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন রহস্য ও আলোচনা।

গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরিহিত বেশ কয়েকটি জমকালো ও পরিপাটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে অপুর রাজকীয় সাজ ও আভিজাত্য ভক্তদের প্রশংসায় ভাসালেও, নেটিজেনদের মূল নজর কেড়েছে ছবির ক্যাপশন।

সেখানে অপু লিখেছেন, “স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য।”

এমনিতে এটি সৌন্দর্যবিষয়ক একটি সাধারণ উক্তি মনে হলেও, বর্তমান পরিস্থিতির কারণে নেটিজেনরা এর পেছনে অন্য গন্ধ পাচ্ছেন। অনেকের মতেই, বুবলীর সন্তান জন্মের খুশির খবরের বিপরীতে নিজেকে ‘নীরব ও আভিজাত্যপূর্ণ’ দাবি করে বুবলীকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন অপু।

অপুর এই পোস্টের ঠিক এক দিন আগে গত শুক্রবার বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মহা বিস্ফোরণ ঘটান। নিজের ওয়ালে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি জানান, তিনি এক কন্যাসন্তানের মা হয়েছেন। বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে... আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

সেই ফটোকার্ডে জানা যায়, গত ১১ মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে, যার নাম রাখা হয়েছে শারলিন খান। ফেসবুকের এই পোস্টে বুবলী যথারীতি চিত্রনায়ক শাকিব খানকেও ট্যাগ করেছেন, যার মাধ্যমে স্পষ্ট যে এই সন্তানের বাবাও শাকিব খান। সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা বুবলী ও তাঁর নবজাতককে শুভকামনায় ভাসাচ্ছেন।

শাকিব খানকে ঘিরে দুই নায়িকার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দীর্ঘদিনের। শাকিব খান ও অপু বিশ্বাসের ঘরে রয়েছে একমাত্র পুত্রসন্তান আব্রাহাম খান জয়। অন্যদিকে, শাকিব-বুবলীর ঘরে রয়েছে পুত্রসন্তান শেহজাদ খান বীর (যার জন্ম হয়েছিল ২০২০ সালে আমেরিকায় এবং খবর প্রকাশ পায় ২০২২ সালে)।

পুত্র বীরের খবর প্রকাশের দুই বছর পর এবার কন্যাসন্তান শারলিনের খবর নিয়ে এলেন বুবলী। তবে বীরের খবর জানাতে দুই বছর সময় নিলেও, কন্যাসন্তানের ক্ষেত্রে জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই (১১ মে জন্ম, জুনে প্রকাশ) খবরটি দুনিয়ার সামনে আনলেন বুবলী।

অপু বিশ্বাসের পোস্টের নিচে মন্তব্যের ঘরে এখন বুবলী ও শাকিব খানের ভক্তদের ভিড়। একদল নেটিজেন মনে করছেন, বুবলীর মা হওয়ার খবরকে হালকা করতেই অপু ঠিক এই সময়ে ফটোশুটের ছবি ও ‘আভিজাত্যের’ ক্যাপশন দিয়েছেন। অন্য দলের দাবি, এটি স্রেফ একটি সাধারণ ফটোশুট, এর সাথে বুবলীর ব্যক্তিগত খবরের কোনো সম্পর্ক নেই।

সাম্প্রতিক সময়ে অপু ও বুবলীকে মুখোমুখি কোনো বাকযুদ্ধে জড়াতে দেখা না গেলেও, সামাজিক মাধ্যমের এই ‍‍`পরোক্ষ বার্তা‍‍` প্রমাণ করে যে, পর্দার আড়ালের সেই চিরন্তন দ্বন্দ্ব এখনও ফুরিয়ে যায়নি। এখন দেখার বিষয়, অপুর এই ‍‍`আভিজাত্যের‍‍` বার্তার জবাবে বুবলী নতুন কোনো পাল্টা পোস্ট দেন কি না!

ডিজিএন/এনএস

banner
Link copied!