মাঠের সবুজ গালিচা ছেড়ে এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা। গত সোমবার ঢাকার কলাবাগানের একটি মাঠে সিরিজটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
স্পোর্টস-বেইজড বা ক্রীড়াভিত্তিক এই সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান। এর আগেও ফুটবল ও ক্রিকেট তারকাদের নিয়ে নাটক বানিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। তবে এবারই প্রথম বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় পরিসরে কাজ করছেন এই নির্মাতা।
এই সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শুটিং সেটে জামাল ভূঁইয়ার সঙ্গে ছোট পর্দার আরেক পরিচিত মুখ লামিমা লামকেও দেখা গেছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেট থেকে জামাল ভূঁইয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের এই মৌসুমে নির্মাতার এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।
প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সংবাদমাধ্যমে জামাল ভূঁইয়া বলেন, "এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটক বা সিরিজে অভিনয় এবারই প্রথম। পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। তবে ক্যামেরার সামনে অভিনয়ের ব্যাপারটা মোটেও সহজ নয়।"
জানা গেছে, ‘ব্রাজেন্টিনা’ সিরিজটি মোট আট পর্বে নির্মিত হচ্ছে। এতে তাসনুভা তিশা ও লামিমা লাম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ সিরিজটির প্রচার শুরু হবে।


আপনার মতামত লিখুন :