ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মাউশির জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৩০ পিএম

মাউশির জরুরি নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা ডিজিটাল পদ্ধতিতে পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, ইএমআইএস সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগইন করে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনলাইন বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অর্থ পৌঁছে যাবে।

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো শিক্ষক-কর্মচারী যদি মৃত্যুবরণ করেন, পদত্যাগ করেন কিংবা সাময়িকভাবে বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিত থাকেন, তবে বিল সাবমিটের সময় সেই তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। কোনোভাবেই যেন অতিরিক্ত অর্থ না যায়, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, ভুল তথ্যের কারণে বেতন প্রেরণে জটিলতা বা সরকারি অর্থের অপচয় হলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি ব্যবস্থায় এমপিও অর্থ প্রদান শুরু হয়। প্রথম কয়েক মাস স্বয়ংক্রিয়ভাবে সরাসরি অর্থ পাঠানো হলেও, গত বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়। সেই ধারাবাহিকতায় চলতি জানুয়ারি মাসের বেতনও একই প্রক্রিয়ায় সম্পন্ন করার নির্দেশ দিল মাউশি।

ডিজিএন

banner
Link copied!