ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Daily Global News

নির্বাচনের আগে উত্তাল ইসরায়েল: ৭ অক্টোবরের ব্যর্থতার জবাবে রাজপথে জনসমুদ্র!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ১০:০৩ এএম

নির্বাচনের আগে উত্তাল ইসরায়েল: ৭ অক্টোবরের ব্যর্থতার জবাবে রাজপথে জনসমুদ্র!

সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার সময় চরম নিরাপত্তা ব্যর্থতার স্বাধীন তদন্ত ও জবাবদিহির দাবিতে শনিবার (২৪ অক্টোবর) রাজপথে নেমে আসেন হাজার হাজার ক্ষুব্ধ মানুষ।

তেল আবিবের উন্মুক্ত চত্বর ‘হোস্টেজেস স্কোয়ারে’ এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়। তিন বছর আগে গাজায় বন্দি হওয়া ইসরায়েলিদের পরিবারগুলো মূলত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে। গাজায় চলমান ধ্বংসাত্মক যুদ্ধের আগে হামাসের হামলা ঠেকাতে সরকারের চরম ব্যর্থতার আনুষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতেই এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারা।

বিক্ষোভ সমাবেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, "নির্বাচনের ঠিক তিন দিন আগে সত্য উদ্ঘাটন, জবাবদিহি দাবি এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের লক্ষ্যে আমাদের তিন বছর ধরে চলা সংগ্রামের চূড়ান্ত কর্মসূচিটি আজ আয়োজিত হচ্ছে।"

শুধু তেল আবিব নয়, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে ইসরায়েলের আরও বেশ কয়েকটি স্থানে সরকারবিরোধী প্রতিবাদকারীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে সাধারণ মানুষের এই গণবিক্ষোভ নেতানিয়াহু সরকারের ওপর নতুন করে বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!