ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
Daily Global News

হরমুজে জাহাজে হামলার রেকর্ড, হুমকিতে বিশ্ববাণিজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১১:০৬ এএম

হরমুজে জাহাজে হামলার রেকর্ড, হুমকিতে বিশ্ববাণিজ্য

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ক্ষেত্রে চলতি অক্টোবর মাসটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ মাস হিসেবে চিহ্নিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’-এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বিশ্ব বাণিজ্যের এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, কেবল চলতি অক্টোবর মাসেই হরমুজ প্রণালিতে অন্তত ২৮টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালিতে হামলার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। রয়টার্স ও ওয়াশিংটন ইনস্টিটিউটের তথ্যমতে, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে মোট ১১৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

তবে বিভিন্ন মেরিটাইম সংস্থার পরিসংখ্যানে এই হামলার সংখ্যা আরও বেশি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) সংঘাত শুরুর পর থেকে মোট ১২০টি আক্রমণের তথ্য নথিবদ্ধ করেছে। অন্যদিকে, ‘যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম’ (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা ১৩৫টি হামলার ঘটনা রেকর্ড করেছে।

সংস্থাটি আরও সতর্ক করে জানিয়েছে, সমুদ্রে ঘটা অনেক হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করা হয় না, যার ফলে প্রকৃত হামলার সংখ্যা রেকর্ডকৃত সংখ্যার চেয়েও অনেক বেশি হতে পারে।

আইএমও’র তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বে বর্তমানে ৯০০টিরও বেশি সুপারট্যাঙ্কার রয়েছে, যার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ জাহাজ ইতোমধ্যে এসব আক্রমণের শিকার হয়েছে। হরমুজ প্রণালির মতো বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন রুটে এমন ধারাবাহিক হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে চরম হুমকি তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিশ্ব অর্থনীতিতে এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।

ডিজিএন/এফএ

banner
Link copied!