যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার বড় মেঘলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে নতুনহাট মোড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং যশোর শহরের শংকরপুর বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয়। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম, ওমর ফারুক ও রাকিব একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। বড় মেঘলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম এবং অপর মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহত আরিফুলের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম-পরিচয় শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।


আপনার মতামত লিখুন :