মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিণত হওয়া এবং সাতটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। গত চার দিনে (২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ) এখন পর্যন্ত মোট ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে কয়েক হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বন্ধ হয়েছিল। আজ ৩ মার্চ কাতার রুটের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েতের ২টি এবং জাজিরা (কুয়েত) রুটের ৪টি ফ্লাইটসহ মোট ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
নিরাপত্তাঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী তো বটেই, ইউরোপ ও আমেরিকা অভিমুখী ফ্লাইটগুলোকেও দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে অথবা বাতিল করতে হচ্ছে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ অনিশ্চিত। সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটগুলোতে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :