দাতার আজীবন ভোগস্বত্ব নিজের কাছে রেখে সন্তান, নাতি-নাতনি, বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি হস্তান্তরের সুযোগ রেখে জাতীয় সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে বিলটিকে কোরআন-সুন্নাহ ও শরিয়াহ পরিপন্থী উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ বিরোধী দলের সদস্যরা।
নতুন এই বিধানের ফলে কোনো ব্যক্তি তাঁর স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিকটাত্মীয়ের নামে দান করলেও দলিলে নিজের আজীবন ভোগস্বত্ব সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ, সম্পত্তির মালিকানা অন্যের কাছে হস্তান্তর হলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করতে পারবেন।
বিলে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। নতুন বিধানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলেও দাতার ভোগস্বত্ব নষ্ট হবে না।
গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে সম্পত্তির মালিকানা গেলেও দাতা তাঁর মৃত্যু পর্যন্ত তা ভোগ করতে পারবেন। এ ছাড়া, এ ধরনের দান সাধারণভাবে একতরফা বাতিল করা যাবে না; তবে বিশেষ প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে বা আদালতের মাধ্যমে তা পরিবর্তনযোগ্য।
সংসদে বিলটি পাসের আগে বিরোধী দলের আপত্তির কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, এই আইনটি মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকার (মিরাস) ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
কোরআনের মূল নীতি বাদ দেওয়ার কোনো অধিকার আছে কি না, এমন প্রশ্ন তুলে তিনি এ বিষয়ে ইসলামিক স্কলারদের মতামত নেওয়ার দাবি জানান। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিলটির প্রস্তাবে ভোট গ্রহণ করলে বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।
বিরোধী দলের আপত্তির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পষ্ট করেন যে, অসহায় ও বৃদ্ধ মা-বাবার সুরক্ষায় এবং তাঁদের স্বার্থ সংরক্ষিত রাখতেই এই আইনের সংশোধন করা হয়েছে।
তিনি জানান, আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তর একটি সম্পূর্ণ স্বতন্ত্র পদ্ধতি। এটি প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের হেবা, অছিয়ত বা অন্য কোনো আইনস্বীকৃত সম্পত্তি হস্তান্তরের বৈধতাকে কোনোভাবেই ক্ষুণ্ন বা প্রভাবিত করবে না। নতুন এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য হবে।


আপনার মতামত লিখুন :