কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন মুনকে আটক করে। গ্রেপ্তার ৩০ বছর বয়সী মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আদম আলী এবং মায়ের নাম রেখা বেগম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে আরও জানা যায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট মামলাগুলোর নথিপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :