ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

আজ এইচএসসির ফল প্রকাশ: এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৮:০৪ এএম

আজ এইচএসসির ফল প্রকাশ: এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট পোর্টাল, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এই ফলাফল জানতে পারবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা কোনো পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।

যেভাবে জানা যাবে ফলাফল: অনলাইনে ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে: পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকে নিজেদের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএমএসের মাধ্যমে (নতুন নম্বর): মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানার নম্বরে এবার বড় পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ড। আগের ১৬২২২ নম্বরের বদলে এবার নতুন নম্বর ১৬১৪০ (16140)-এ এসএমএস পাঠাতে হবে। যেকোনো মুঠোফোন থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং শেষে স্পেস দিয়ে 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে (উদাহরণ: HSC Dha 123456 2026)।

উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী এবার অনুপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হলেও পরবর্তীতে সেগুলো সম্পন্ন করা হয়।
 

ডিজিএন/এফএ

banner
Link copied!