ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

পেঁয়াজ আমদানিতে শূন্যের কোঠা: মন্ত্রীর দূরদর্শিতায় বাঁচল ৪৬০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:০৯ এএম

পেঁয়াজ আমদানিতে শূন্যের কোঠা: মন্ত্রীর দূরদর্শিতায় বাঁচল ৪৬০০ কোটি টাকা

দেশে প্রতি বছর শীতের শুরুতে বিশেষ করে নভেম্বর মাস এলেই পেঁয়াজের বাজারে যে চরম অস্থিরতা তৈরি হতো, এবার তার ছিটেফোঁটাও নেই। উল্টো আধুনিক ও উন্নত পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের এক যুগান্তকারী পদক্ষেপের ফলে এ বছর প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা সাশ্রয় করেছে সরকার। আর এই অসাধ্য সাধন করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ক্যামেরার সামনে নিজেকে জাহির বা কৃতিত্ব নেওয়ার কোনো চেষ্টা ছাড়াই নীরবে কাজ করে দেশের অর্থনীতি ও কৃষি খাতে এক বিশাল সাফল্য এনে দিয়েছেন তিনি।

গত ৪-৫ বছরের বাজার পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, অক্টোবর মাস এলেই অসাধু সিন্ডিকেট বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করত। এর প্রভাবে নভেম্বর মাসে দাম লাফিয়ে লাফিয়ে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকত। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে চড়া দামে পেঁয়াজ কিনতে বাধ্য হতেন। মূলত দেশে উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের কোনো কার্যকর ও আধুনিক পদ্ধতি না থাকায় কৃষকরা দীর্ঘ সময় তা ধরে রাখতে পারতেন না।

এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে বাধ্য হয়ে ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে পেঁয়াজ আমদানি করতে হতো। পরিসংখ্যান বলছে, কেবল ২০২৪ সালের শেষ কয়েক মাসেই ভারত থেকে প্রায় ১৮৭ মিলিয়ন ডলারের পেঁয়াজ আমদানি করতে হয়েছিল।

তবে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই মোহাম্মদ আমিন উর রশিদ ভিন্ন পথে হাঁটেন। তিনি অনুধাবন করেন, বার্ষিক চাহিদা মেটানোর জন্য ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করা সবচেয়ে বেশি জরুরি। তাই দায়িত্ব নেওয়ার পরই তাঁর প্রথম পদক্ষেপ ছিল সরকারি উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা।

তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণে ‘এয়ার-ফ্লো প্রযুক্তি’ ব্যবহার শুরু হয়। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাতাস চলাচলের ব্যবস্থা করে পেঁয়াজের পচন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত রোধ করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, এই পদ্ধতিতে পেঁয়াজ প্রায় ৯ মাস পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত ও ব্যবহার উপযোগী রাখা যাচ্ছে।

মন্ত্রীর এই সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপের ফলে এবার সিন্ডিকেটের সব কারসাজি ভেস্তে গেছে। বাজারে এখন পেঁয়াজের কোনো হাহাকার নেই, দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে সম্পূর্ণ সীমিত ও স্থিতিশীল রয়েছে। সবচেয়ে বড় অর্জন হলো, এ বছর পেঁয়াজ আমদানির পরিমাণ পুরোপুরি শূন্যের কোঠায় নেমে এসেছে। বর্তমান মজুত দিয়ে নিজেদের চাহিদা তো মিটবেই, বরং আগামী বছর থেকে বাংলাদেশ উল্টো পেঁয়াজ রপ্তানি করতে পারবে বলে আশা করা হচ্ছে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ প্রচারের আলো থেকে দূরে থেকে একান্তই কাজে মনোনিবেশ করেছেন। তবে সংশ্লিষ্টরা আক্ষেপ প্রকাশ করে বলছেন, সরকারের এত বড় একটি অর্থনৈতিক সাশ্রয় ও জনবান্ধব অর্জন এবং মন্ত্রীদের এমন ইতিবাচক কাজগুলো সাধারণ মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন বিএনপির কর্মী-সমর্থকরা। সঠিক প্রচারণার অভাবে এই বিশাল সাফল্য দেশের মানুষের কাছে যে মাত্রায় পৌঁছানোর কথা ছিল, তা হয়তো সেভাবে পৌঁছাচ্ছে না।

ডিজিএন/এফএ

banner
Link copied!