ইসলাম ধর্মে সঠিক আকিদা নিয়ে জীবনযাপন এবং ইবাদত কবুল হওয়ার জন্য কালিমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর মূল মর্ম ও শর্তগুলো জানা অত্যন্ত জরুরি। শুধু মুখে এই কালিমা উচ্চারণ করলেই এর প্রকৃত শর্ত পূরণ হয় না; বরং কুরআন ও হাদিসের আলোকে এর সাতটি মৌলিক শর্ত মেনে চলা অপরিহার্য।
নিচে কুরআন-হাদিসের আলোকে কালিমার সেই সাতটি শর্তের সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হয়েছে:
আল-ইলম বা জ্ঞান: কালিমা পড়ার আগে এর প্রকৃত অর্থ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। আল্লাহ এক এবং তাঁর কোনো সমকক্ষ নেই এই বিশ্বাসটি পরিষ্কার থাকতে হবে। পবিত্র কুরআনের সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘জেনে রাখো যে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই।’ সহিহ মুসলিমের (২৬) হাদিস অনুযায়ী, যে ব্যক্তি এই জ্ঞান নিয়ে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।
আল-ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস: কালিমার সত্যতার বিষয়ে মনে বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না। সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতের আলোকে, মুমিনেরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যারা অন্তরে পূর্ণ বিশ্বাস নিয়ে এই সাক্ষ্য দেয়, তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।
আল-ইখলাস বা একনিষ্ঠতা: যাবতীয় ইবাদত বা সৎকর্ম কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। লোকদেখানো মনোভাব এখানে সম্পূর্ণ বর্জনীয়। সূরা বাইয়িনাহ ও সহিহ বুখারির (৯৯) বর্ণনা অনুযায়ী, খাঁটি মনে ও অন্তরের অন্তস্তল থেকে কালিমা পাঠকারী ব্যক্তিই কিয়ামতের দিন নবীজির (সা.) শাফায়াত পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যবান হবেন।
আস-সিদক বা সত্যবাদিতা: মুখে যা বলা হচ্ছে, অন্তরেও তা নিখুঁতভাবে বিশ্বাস করতে হবে। মুনাফিকদের মতো মুখে ঈমান আর অন্তরে কুফরি রাখা যাবে না। সহিহ বুখারির ১২৮ নম্বর হাদিস অনুযায়ী, অন্তরের সত্যতা দিয়ে এই কালিমার সাক্ষ্য প্রদানকারীর জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন।
আল-মাহাব্বাহ বা ভালোবাসা: কালিমা এবং এর অনুসারীদের ভালোবাসতে হবে। আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসাকে জীবনের অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দিলেই কেবল প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া যায়, যা সহিহ বুখারির ১৬ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে।
আল-ইনকিয়াদ বা আনুগত্য: মন ও শরীর দিয়ে বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব ক্ষেত্রে আল্লাহর বিধানের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে। সূরা লুকমানের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, সৎকর্মপরায়ণ হয়ে নিজেকে আল্লাহর কাছে সমর্পণকারী ব্যক্তি মূলত ঈমানের শক্ত হাতল ধারণ করে।
আল-কবুল বা সানন্দে গ্রহণ: কালিমার যাবতীয় দাবি ও হুকুমগুলো কোনো ধরনের অহংকার বা বিরূপ মনোভাব ছাড়াই হাসিমুখে গ্রহণ করতে হবে। সূরা সফফাতে অহংকারবশত কালিমার আহ্বান প্রত্যাখ্যানকারীদের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
কালিমার বিশেষ আমল ও ফজিলত: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে কালিমার বিশেষ আমলের কথা বলা হয়েছে। দিনে একশবার ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’ পাঠ করলে দশটি গোলাম আজাদ করার সমান সওয়াব পাওয়া যায়। পাশাপাশি আমলনামায় একশটি নেকি লেখা হয়, একশটি গুনাহ মাফ হয় এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত তা শয়তানের আক্রমণ থেকে বাঁচার দুর্গ হিসেবে কাজ করে। কেউ এর চেয়ে বেশি আমল না করলে, এটিই সেই দিনের সর্বোচ্চ উত্তম আমল হিসেবে গণ্য হয়।
লেখক: মুহাম্মদ সাহিদুর রহমান। ইউনিভার্সিটি অব বিশা। সৌদি আরব থেকে।


আপনার মতামত লিখুন :