জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে খুব শিগগির এই সংলাপ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথকভাবে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংলাপ আয়োজনের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও ক্ষমতাসীন দল বিএনপি। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার সন্ধ্যায় ঢাকায় ফিরছেন।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান বর্তমানে বিদেশে রয়েছেন এবং ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তবে সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্র।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক ঐক্য রয়েছে; এখন নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে মানে সেখানে কোথাও চিড় ধরেছে। সেই কারণ অনুসন্ধান করে ঐক্যের একটি শক্ত ভিত্তিমূল ও ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে গত ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত জানায়। তবে শনিবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণার পর গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা এবং যানবাহন, পুলিশের স্থাপনা, গ্রামীণ ব্যাংকের শাখা ও বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করছে পুলিশ।
এসব সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। ওই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন। প্রধানমন্ত্রীর সেই আহ্বানের ধারাবাহিকতায়ই এই সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপি-সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :