ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১১:০২ এএম

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ সোমবার (৯ নভেম্বর) আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়ে তিনি এই আবেদন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এটিই তাঁর আনুষ্ঠানিক যোগাযোগের প্রথম ঘটনা।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। তাই বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতা অনুসারে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই তাঁর দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে বলে জানিয়েছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা।

গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। রয়টার্স উল্লেখ করেছে, দুই বছরের বেশি সময় পর তাঁর দেশে ফেরার এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

তবে এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স।

 

ডিজিএন/এফএ

banner
Link copied!