ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Global News

বৃহস্পতিবার রাত থেকে কমতে পারে ইন্টারনেটের গতি: তিন দিন ভোগান্তির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:২৩ পিএম

বৃহস্পতিবার রাত থেকে কমতে পারে ইন্টারনেটের গতি: তিন দিন ভোগান্তির শঙ্কা

টানা তিন দিন ইন্টারনেটের ধীর গতির মুখে পড়তে যাচ্ছে দেশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে আগামী সোমবার (১৩ এপ্রিল) ভোর পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজ চলবে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত। এই সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলোর সংযোগ আংশিকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ধীর গতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

গ্রাহকদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে বিএসসিপিএলসি। সংস্থাটি জানিয়েছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ থাকাকালীন কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে আন্তর্জাতিক সার্কিটগুলো সচল রাখা হবে। ফলে পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন না হলেও ব্রাউজিং বা ডাউনলোডিংয়ে গতির সীমাবদ্ধতা অনুভূত হতে পারে।

টানা তিন দিন ইন্টারনেটের গতি কম থাকার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ফ্রিল্যান্সার এবং অনলাইনভিত্তিক উদ্যোক্তারা। বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপে যখন দেশজুড়ে খবর ও যোগাযোগের প্রয়োজনীয়তা বেড়েছে, তখন ইন্টারনেটের এমন ধীর গতি সাধারণ ব্যবহারকারীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিতে পারে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিকল্প ব্যান্ডউইথ ব্যবহারের মাধ্যমে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তবে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় হেভি ডাউনলোড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!