ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Daily Global News

‘ভুল হাতে এআই মানে শতকোটি প্রাণহানি’: সরকারি নজরদারির তাগিদ বিল গেটসের

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:২৭ এএম

‘ভুল হাতে এআই মানে শতকোটি প্রাণহানি’: সরকারি নজরদারির তাগিদ বিল গেটসের

নিয়ন্ত্রণহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ চলতে থাকলে তা মানবসভ্যতার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এই শক্তিশালী প্রযুক্তি যদি ভুল মানুষের হাতে পড়ে, তবে এমন ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে, যাতে ১০০ কোটি মানুষের প্রাণহানি হতে পারে।

রোববার এনবিসি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ভয়াবহ আশঙ্কার কথা তুলে ধরেন। পাশাপাশি, এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে অবিলম্বে সরকারি নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে বিল গেটস জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারির ধরন কেমন হওয়া উচিত, সে বিষয়ে এখন থেকেই আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আলোচনার টেবিলে বসতে হবে। এ ধরনের প্রযুক্তির ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট আইনি ও নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা জরুরি।

প্রযুক্তি খাতে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করলে প্রতিষ্ঠানগুলোর আনুষঙ্গিক খরচ কিছুটা বৃদ্ধি পাবে বলে তিনি স্বীকার করেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এই বাড়তি খরচের কারণে এআই প্রযুক্তির উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাবে না; বরং এটি একটি নিরাপদ কাঠামোর মধ্যে বিকশিত হওয়ার সুযোগ পাবে।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আরও কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে গেটস বলেন, সর্বাধুনিক এই প্রযুক্তি খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত হলে তা বিপুল প্রাণহানির মতো ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট শক্তিশালী। এআই ব্যবস্থাকে যেকোনো মুহূর্তে বন্ধ করার জন্য ‘কিল সুইচ’ রাখার ধারণার বিষয়েও তিনি কথা বলেন। তাঁর মতে, শুধু একটি কিল সুইচ থাকলেই পুরোপুরি নিরাপদ হওয়া সম্ভব নয়।

তবে তিনি এটিও উল্লেখ করেন যে, এআই প্রযুক্তি এখনো এমন কোনো পর্যায়ে পৌঁছায়নি যে নিজে থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং সেটিকে আর কোনোভাবেই বন্ধ করা যাবে না। এর আগে গত আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ছয় হাজার শব্দের একটি প্রবন্ধেও এআইয়ের ভয়াবহ ঝুঁকি নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছিলেন গেটস।

গেটস ছাড়াও প্রযুক্তি খাতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্প্রতি এআই উন্নয়নের গতি কমানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জোরালো আহ্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স একটি আইন প্রস্তাব করেন। সেখানে এআইয়ের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত উন্নত প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিল গেটসের নিজস্ব প্রতিষ্ঠান মাইক্রোসফটও এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠানটির কর্মী ও বিভিন্ন মানবাধিকারকর্মী প্রশ্ন তুলেছেন, যা এআইয়ের নৈতিক ব্যবহারের বিতর্ককে আরও উসকে দিয়েছে।

সাক্ষাৎকারের শেষ ভাগে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার বিল গেটসের কাছে জানতে চান, তিনি নিজের ব্যক্তিগত জীবনে এআই কতটা ব্যবহার করেন। জবাবে প্রযুক্তি বিশ্বের এই প্রভাবশালী ব্যক্তিত্ব জানান, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআইয়ের ওপর একেবারেই নির্ভরশীল নন। পরিবার ও বন্ধুদের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কারণে এসব মানবিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো প্রয়োজনই তিনি অনুভব করেন না বলে উল্লেখ করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

ডিজিএন/এফএ

banner
Link copied!