মধ্যপ্রাচ্যের সংঘাতের লেলিহান শিখা এবার গ্রাস করছে ডিজিটাল অবকাঠামোকে। সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি বড় ডেটা সেন্টারে ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ ডেটা সেন্টারগুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, আমিরাতে দুটি ডেটা সেন্টারে সরাসরি ড্রোন আঘাত হানায় ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বাহরাইনেও অ্যামাজনের একটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
এই ডেটা সেন্টারগুলো মূলত বড় বড় ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং ব্যবসায়িক তথ্য সংরক্ষণ করে। এখানে বিদ্যুৎ ও সেবা বিঘ্নিত হওয়ায় বিশ্বজুড়ে কয়েক হাজার প্রতিষ্ঠানের অনলাইন কার্যক্রম থমকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির কারণে অ্যামাজন তাদের গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের অবিলম্বে তাদের গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ঝুঁকি এড়াতে ডেটা বা সিস্টেমগুলো যুক্তরাষ্ট্র, এশিয়া বা ইউরোপের মতো নিরাপদ অঞ্চলের সার্ভারে স্থানান্তরের আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ভৌত স্থাপনার পাশাপাশি ডিজিটাল অবকাঠামো লক্ষ্য করে এই হামলাগুলো বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটি সুপরিকল্পিত চেষ্টা। এর ফলে আগামী কয়েক দিন ইন্টারনেট পরিষেবা ও ক্লাউড কম্পিউটিং নির্ভর ব্যবসাগুলো বড় ধরনের বাধার সম্মুখীন হতে পারে।


আপনার মতামত লিখুন :