ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:০৫ পিএম

যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন

যশোরে শিশু অপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত ও শিশুবান্ধব করতে একটি পৃথক শিশু আদালতের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পঞ্চম তলায় ফিতা কেটে এই আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম।

ইউনিসেফের আর্থিক সহযোগিতা এবং আইন ও বিচার বিভাগের এসআরসি প্রকল্পের সহায়তায় এই বিশেষ শিশু আদালতটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের আইনি সুরক্ষা ও দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আদালত উদ্বোধনের আগে জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় ৩০ জন প্যানেল আইনজীবী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম সাধারণ ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে শিশু বিচার ব্যবস্থার মৌলিক পার্থক্যগুলো তুলে ধরেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকগণ পারিবারিক সুরক্ষা, প্রবেশন, বিকল্প পরিচর্যা এবং আইনের সংস্পর্শে আসা শিশুদের আইনি অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডিজিএন/এফএ

banner
Link copied!