নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ দলটির নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এই তাণ্ডব চলে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে তারা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পায়। এছাড়া একই সময়ে পটুয়াখালীতে আওয়ামী লীগের সাবেক তিন এমপির বাড়িতে হামলা এবং শনিবার পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এর আগে গত বুধবার কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন।
বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, এর জের ধরে শুক্রবার বিকেলে বিএনপির লোকজন সাবেক এমপি কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।
এছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও আগুন দেওয়া হয়। তবে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, সাবেক এমপি ও কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ-ছয়টি ঘরে অগ্নিসংযোগের বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিকেল ৪টার দিকে আগুন লাগলেও প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তাঁরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।
এদিকে, বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে হামলার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং পুরোনো ও এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার জানান, নিহত দুই নেতার বিক্ষুব্ধ স্বজন ও সমর্থকেরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :