খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিক সরদার (৪০) নামের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এই ঘটনা ঘটে। হামলাকারীদের ছোড়া চারটি গুলির মধ্যে তিনটি তাঁর কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাফিক সরদার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।
আহত মাফিকের ভাই জানান, রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় দুটি মোটরসাইকেলে আসা চার-পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এরপর তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে এবং কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :