নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নাটোরের লালপুরে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এই সংঘাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কচুয়া বাজার এলাকায় ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিসের সামনে দিয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর একটি মিছিল যাচ্ছিল। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ফারজানা শারমিন পুতুল অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অতর্কিতভাবে তাঁর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল এবং তাঁর ও তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। এতে তাঁর বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, তাঁর শান্তিপূর্ণ মিছিলে ধানের শীষের সমর্থকরা হামলা চালিয়ে অন্তত ৭ জন কর্মীকে আহত করেছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে আটক করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :