ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৭ পিএম

খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

নওগাঁয় কাঁচা খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে বাংলাদেশে নিপাহ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর। গত ২১ জানুয়ারি তাঁর শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।

রামেক হাসপাতালে থাকাকালীন ওই রোগীর গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফলে তাঁর শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। সিভিল সার্জন জানিয়েছেন, অসুস্থ হওয়ার কিছুদিন আগে ওই নারী কাঁচা খেজুরের রস পান করেছিলেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, "আইইডিসিআর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। তবে আমাদের কাছে এখনো লিখিত কোনো প্রতিবেদন আসেনি। সেটি পেলে ওই রোগীর পরিচয় ও বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।" তিনি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, নিপাহ ভাইরাস থেকে বাঁচতে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে।
 

ডিজিএন/এফএ

banner
Link copied!