ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বগুড়া-৬ আসনে জামায়াতের নারী শক্তির মিছিল

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:১৩ পিএম

বগুড়া-৬ আসনে জামায়াতের নারী শক্তির মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে রাজপথে নেমেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বিশাল নারী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া পৌর পার্কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে শহর মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। এ আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী সাজেদা সামাদ বলেন,
“দেশের নারীরা আর নীরব দর্শক নয়। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তারা এখন রাজপথে নেতৃত্ব দিচ্ছে। বগুড়ার নারীদের এই জাগরণ আগামী দিনের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। তিনি বলেন, “নারীদের এই ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা।”

সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের নেত্রী বিলকিস বেগম, আম্বিয়া বেগম, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জোবায়দা খাতুন, শিরিন আক্তার, মুঞ্জুআরা মুন্নি, নুসরাত জাহান, রুমা খাতুন, কাঞ্চন বেগমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।

সমাবেশে অংশগ্রহণকারী নারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

নারীদের এই শক্তিশালী ও সংগঠিত উপস্থিতিকে ঘিরে বগুড়া-৬ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ডিজিএন/এফএ

banner
Link copied!