গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) এবং একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, দুপুরে ঢাকা থেকে খুলনাগামী ‘হামিম পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং অপর তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত তিনজনকে দ্রুত গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :