ভোটের আমেজের মধ্যেই টাঙ্গাইলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ছিলামপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আলী এবং ছোনাট গ্রামের জিয়া রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের সমর্থনে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি যখন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল, তখন মোহাম্মদ আলী ও জিয়া রহমান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “আজ আমার গণমিছিলে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। মিছিল চলাকালে হঠাৎ আমাদের দুই নিবেদিতপ্রাণ কর্মী অসুস্থ হয়ে মারা যান। তাঁদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড উত্তেজনা বা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :