ভোটের ছুটিতে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলা ২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় গাড়ি চলাচল বন্ধ থাকায় সড়কে তীব্র যানজট ও যানবাহনের ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
আন্দোলনরত পোশাক শ্রমিক ও যাত্রীরা জানান, সোমবার সন্ধ্যা থেকে কারখানা ছুটি হওয়ার পর তারা নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাড়ির পথে রওনা হন। কিন্তু বাস মালিক ও চালকরা এই সুযোগে সিন্ডিকেট করে সাধারণ ভাড়ার চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেশি টাকা দাবি করতে শুরু করেন। অতিরিক্ত ভাড়ার চাপে অতিষ্ঠ হয়ে সকাল ৮টার দিকে বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করেন কয়েক হাজার যাত্রী। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান জানান, "ন্যায্য ভাড়ার দাবিতে শ্রমিক ও যাত্রীরা বাইপাইল মোড়ে অবস্থান নিয়েছিলেন। আমরা তাদের বুঝিয়ে এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার আশ্বাস দিয়ে সকাল ১০টার দিকে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।"
তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে পুলিশ এবং সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে কাজ করছে।
রাস্তা থেকে অবরোধ সরলেও মহাসড়কে যানবাহনের চাপ অত্যধিক থাকায় চাকা ঘুরছে খুব ধীরগতিতে। বিশেষ করে চন্দ্রা অভিমুখে যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, যারা আইন অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :