ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

সীমান্তে পুকুরে মিলল বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রের মজুত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৫০ পিএম

সীমান্তে পুকুরে মিলল বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রের মজুত

কুমিল্লার সদর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কটকবাজার এলাকায় একটি পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে দীর্ঘ অভিযান শেষে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কটকবাজার এলাকার একটি পুকুরের তলদেশে অবৈধ অস্ত্রের মজুত রয়েছে। সোমবার রাত থেকেই র‍্যাবের একটি দল পুকুরটি ঘেরাও করে রাখে। মঙ্গলবার ভোরে শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ করার কাজ শুরু হয়। পানি কমলে কাদা ও পানির নিচ থেকে বেরিয়ে আসে অস্ত্রের বস্তা।

র‍্যাব-১১-এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং দুটি সাদা বস্তায় মোড়ানো বেশ কিছু দেশীয় অস্ত্র।

সীমান্তবর্তী এলাকায় এই অস্ত্রের মজুত কেন করা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

মেজর সাদমান ইবনে আলম বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং বর্তমানে তদন্তাধীন। কারা কী উদ্দেশ্যে এই অস্ত্রগুলো এখানে লুকিয়ে রেখেছিল, তা খুঁজে বের করতে আমরা কাজ করছি।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে সীমান্ত এলাকায় এমন অস্ত্রের মজুত উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!