সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে সিলেট মহানগরীসহ আশপাশের এলাকায় এই কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার।
বিকেলে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ভবন ও বিপণিবিতানে থাকা লোকজন দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। সিলেট জেলা ও মহানগরীর কোনো স্থান থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট অঞ্চল দীর্ঘকাল ধরে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। আজকের এই কম্পনের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সিলেট ও আশপাশের সীমান্ত এলাকায় ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে, যা বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস কি না—তা নিয়ে জনমনে দুশ্চিন্তা রয়েছে।


আপনার মতামত লিখুন :