ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে বগুড়ার নন্দীগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন: আব্দুস ছালাম (৩০), তেতুলিয়াগাড়ি, নন্দীগ্রাম। আবু বক্কর (২৮), তেতুলিয়াগাড়ি, নন্দীগ্রাম। পারভেজ (২৫), রুপিহার, শাজাহানপুর।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে বিকেল ৪টার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজনদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
নির্বাচনী পরিস্থিতির অবনতি ঘটাতে বা কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট ফাতিন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে তাঁদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :