নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় প্রায় ৫০ লাখ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশির সময় এই অর্থ উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, জামায়াত নেতা বেলাল উদ্দিন বিমানযোগে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। স্ক্যানিং ও নিয়মিত দেহ তল্লাশির সময় তাঁর ব্যাগ ও শরীরে অস্বাভাবিক পরিমাণ নগদ অর্থের উপস্থিতি ধরা পড়ে। এত বড় অংকের টাকা বহনের বিষয়ে তাৎক্ষণিক কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাঁকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “উদ্ধার হওয়া টাকার পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা। তবে চূড়ান্ত হিসাব ও গণনা এখনও চলছে। বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী বৈধতা যাচাই জরুরি। আমরা টাকার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছি।”
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বেলাল উদ্দিন দাবি করেন, উদ্ধার হওয়া টাকা তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে বহনের জন্য ছিল। এর সঙ্গে কোনো অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই এবং এর বৈধ কাগজপত্র তিনি পরে উপস্থাপন করতে পারবেন।
ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনী ব্যয়ের সীমা লঙ্ঘন বা ভোটারদের প্রভাবিত করার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়েও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনে বিষয়টি আর্থিক গোয়েন্দা সংস্থাকে (বিএফআইইউ) অবহিত করা হবে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :