ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

হবিগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৫ পিএম

হবিগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্ব পাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীকে যৌথভাবে অংশ নিতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটিহারা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) তাঁর জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ওই জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত হতো। আব্দুল কাদির মাটি ভরাট করায় পানি চলাচলের পথটি বন্ধ হয়ে যায়। গ্রামবাসী বিকল্প নালার ব্যবস্থা রাখার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান।

আজ সকালে আব্দুল কাদিরের লোকজন পুনরায় নির্মাণকাজ শুরু করলে মহিবুর আলমের (৫০) নেতৃত্বে গ্রামবাসীর অন্য একটি পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় মাদ্রাসা সংলগ্ন এলাকা।

খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও অভিযানে যোগ দেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর বেলা ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

লাখাই থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!