ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:৩৫ পিএম

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

ভোটের আগের দিন মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহতরা হলেন, ইকবাল হোসেন (৩২), জয় বেপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত জয় বেপারির দাবি, বিকেলে বিএনপি সমর্থকরা একটি মিছিল নিয়ে ভোটকেন্দ্রের সামনে এলে তাঁরা বাধা দেন। প্রচারণার সময়সীমা শেষ হওয়ায় মিছিল করতে নিষেধ করায় বিএনপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে লোহার রড ও লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তবে এ বিষয়ে বিএনপি প্রার্থী বা তাঁর সমর্থকদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে এবার লড়াই হচ্ছে ত্রিমুখী। এই আসনে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীকে লড়ছেন।

অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত দলের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত বলে মনে করছেন স্থানীয়রা।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা বর্তমানে সেখানে অবস্থান করছি। শুনেছি বিএনপির সমর্থকরা ওই এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

ডিজিএন/এনএস

banner
Link copied!