নির্বাচনী উৎসবের মধ্যেই ককটেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল গোপালগঞ্জ সদর উপজেলা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্যসহ এক কিশোরী আহত হয়েছে। বিস্ফোরণের পর কেন্দ্রটিতে সাময়িকভাবে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। হঠাৎ দুর্বৃত্তরা কেন্দ্রের পাশের খালের ওপার থেকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি কেন্দ্রের মূল ফটকের কাছে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ফটকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে আহতরা হলেন, ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং পৌরসভার আরামবাগ এলাকার ভোটার আসশাফ আলির মেয়ে আমেনা খানম (১৩)। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের আঘাত গুরুতর নয়।
ঘটনার পরপরই বিজিবি ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সেখান থেকে ককটেলের আলামত সংগ্রহ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মুহাম্মদ সরোয়ার হোসেন জানিয়েছেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং পুনরায় ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।


আপনার মতামত লিখুন :