দীর্ঘ প্রতীক্ষার পর আজ ছিল ভোটাধিকার প্রয়োগের দিন। কিন্তু নিয়তির অমোঘ নিয়মে ভোট দেওয়া আর হলো না মনু মিয়ার (৫৫)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা মনু মিয়াও সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত অন্য ভোটাররা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, অতিরিক্ত উত্তেজনা বা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মনু মিয়ার মৃত্যুর খবরে ভোটকেন্দ্রের দীর্ঘ সারিতে এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর পরিবারের সদস্যরা জানান, ভোট দেওয়ার জন্য সকাল থেকেই তিনি বেশ উৎসাহী ছিলেন।
ঘটনার পর স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নিয়েছে।


আপনার মতামত লিখুন :