ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ভোটাররা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৪৫ পিএম

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ভোটাররা

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এতে ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই মাকহাটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে সাড়ে ১০টার দিকে কেন্দ্রের অদূরে একটি মাঠে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শী কাউসার আহমেদ দাবি করেন, ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারী হিসেবে পরিচিত পারভেজ মাঝি, রহমত মাঝি ও নাঈম মল্লিকসহ কয়েকজন এই বিস্ফোরণ ঘটিয়েছেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর একটি টহল দল। নির্বাচনী দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রের অভ্যন্তরে কোনো সমস্যা হয়নি। সেনাবাহিনী ও পুলিশের নজরদারি বাড়ানোর পর ভোটাররা পুনরায় কেন্দ্রে আসতে শুরু করেছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!