ভোটের ব্যালট পেপার নির্ধারিত বাক্সে জমা না দিয়ে কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার দায়ে কুষ্টিয়ার মিরপুরে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শাহিন মালিথা নামের ওই যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার সংগ্রহ করেন। তবে তিনি নিজের ভোটটি বাক্সে না ফেলে তার পরিবর্তে একটি সাদা কাগজ জমা দিয়ে ব্যালটসহ কেন্দ্র ত্যাগ করার চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পুলিশ সদস্যদের নজরে এলে তারা তাকে আটক করেন।
আটকের পর ওই যুবককে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। সেখানে শাহিন মালিথা নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাহিন তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের আব্দুল মালিথার ছেলে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের পবিত্রতা রক্ষায় যেকোনো ধরনের কারচুপি বা অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :