ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৪৮ পিএম

ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁ-৫ (সদর) আসনের কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রাখার দায়ে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী সূত্র জানায়, সকাল থেকে ভোটগ্রহণ চলাকালেই প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল মেরে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা সম্পন্ন করে তবেই ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার নিয়ম রয়েছে। ভোট শেষ হওয়ার আগেই এই কাজ সম্পন্ন রাখাকে কারচুপির পূর্ব-প্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আমি আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, তা আমার জানা ছিল না।”

বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীনের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। দুপুর দেড়টার দিকে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

ইউএনও ইবনুল আবেদীন বলেন, “ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। এটি সুস্পষ্ট অনিয়ম। সত্যতা পাওয়ায় আমরা তাকে সরিয়ে দিয়েছি।”

ডিজিএন/এনএস

banner
Link copied!